জকিগঞ্জ:
মেধা, অধ্যবসায় ও বহুমুখী প্রতিভার অনন্য সমন্বয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে জকিগঞ্জের কৃতি সন্তান তাফসির আহমেদ আবির। পড়ালেখার পাশাপাশি বক্তৃতা, বিতর্ক, ক্রীড়া ও বিভিন্ন প্রজেক্টভিত্তিক কার্যক্রমে অংশ নিয়ে শতাধিক পুরস্কার ও সম্মাননা অর্জনের পর এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (A+) অর্জন করেছে সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
ছোটবেলা থেকেই পড়ালেখায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখে আসছে তাফসির। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সময়ে বৃত্তি ও সম্মাননাসহ তার শতাধিক অর্জন রয়েছে। নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের ফলে সপ্তম শ্রেণিতে সে জকিগঞ্জের শীর্ষ পাঁচ মেধাবী শিক্ষার্থীর মধ্যেও জায়গা করে নিয়েছিল। পড়াশোনার পাশাপাশি সে হাফসা মজুমদার প্রতিভা নিবাসে শিক্ষাগ্রহণ করেছে।
তার প্রতিভার বিস্তার কেবল শ্রেণিকক্ষ কিংবা পরীক্ষার ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন বিষয়ে নিয়মিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে রয়েছে তার একাধিক সাফল্য। জকিগঞ্জ ক্যান্টনমেন্টের প্রতিনিধি হিসেবে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সে একাধিকবার বিজয়ী হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি জেলা পর্যায়েও বিভিন্ন প্রজেক্ট প্রতিযোগিতায় জকিগঞ্জের প্রতিনিধিত্ব করেছে। শুধু বাংলা নয়, ইংরেজি ফ্রি স্পিকিংয়েও তার রয়েছে বিশেষ দক্ষতা।
তাফসিরের সাফল্য নিয়ে শিক্ষকরা জানান, সে অত্যন্ত মেধাবী এবং প্রায় সব বিষয়েই পারদর্শী। এমন একজন ছাত্রের শিক্ষক হতে পেরে তাঁরা গর্বিত। নিজের অনুভূতির কথা জানিয়ে তাফসির আহমেদ আবির বলেন, “আলহামদুলিল্লাহ, এত ভালো একটি ফলাফলের জন্য আমি অনেক খুশি। আমার এই সাফল্যের পেছনে অনেকের অবদান রয়েছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ।” এটি জীবনের ছোট্ট একটি ধাপ উল্লেখ করে সে তার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চেয়েছে। জকিগঞ্জের তরুণ প্রজন্মের জন্য এই অর্জন এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।





মন্তব্য (১)
[object Object]
আপনার মন্তব্য লিখুন