সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকার সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে কায়েস্তগ্রাম, বড়গ্রামসহ বালুমহালের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ।
তিনি জানান, পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়গ্রাম ও কায়েস্তগ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল, স্থানীয় ইজারাদার নির্ধারিত বালুমহালের বাইরে গিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিন রাত ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলন করছেন। তবে ইজারাদারের দাবি, ভূমি অফিসের নির্ধারণ করে দেওয়া বৈধ স্থানেই ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতেই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। তবে অভিযান চলাকালে নির্ধারিত এলাকার বাইরে কোথাও বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এলাকাবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হবে এবং অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন