সিলেটের জকিগঞ্জ-কালীগঞ্জ ভায়া কেরাইয়া সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জকিগঞ্জ থানার দায়িত্বরত এসআই মুর্শেদ আলম। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি দিদার আহমদ (পিতা: কামাল আহমদ), সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের দরগাহ বাহারপুর গ্রামের বাসিন্দা।
আহত এসআই মুর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, দায়িত্ব পালনকালে অভিযানের সময় তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে জকিগঞ্জে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ এবং আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জকিগঞ্জ-কালীগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগ: এসআইকে কুপিয়ে আহত, অভিযুক্ত আটক





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন