কানাইঘাট (সিলেট):
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও থ্রি-হুইলারের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম-এর নির্দেশনায় এসআই শৈলেশ চন্দ্র দাস, এসআই শাহ আলম ও এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সড়কের বাজার এলাকায় একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আজমল মিয়ার ভাড়া দেওয়া একটি ভবনে তল্লাশি চালিয়ে উপজেলার উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে মো. ইসলাম উদ্দিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই ভবন থেকে অবৈধভাবে নিয়ে আসা প্যাট্রন ব্র্যান্ডের ২৬ হাজার ৪০০ শলাকা, ওরিস ব্র্যান্ডের ২৪ হাজার শলাকা, মন্ড ব্র্যান্ডের আপেল ফ্লেভারের ১০ হাজার শলাকা এবং স্ট্রবেরি ফ্লেভারের ৮ হাজার শলাকা ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। এর পাশাপাশি এমআরএফ (MRF) ব্র্যান্ডের থ্রি-হুইলারের ২০টি নতুন টায়ারও জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় কানাইঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন