জকিগঞ্জ (সিলেট):
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জন এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় জকিগঞ্জ টু কালিগঞ্জ কেরাইয়া রাস্তার সদরখাল নামক স্থানে ব্রিজের ওপর ‘মেসার্স সজিব ডিস্ট্রিবিউশন’ নামক প্রতিষ্ঠানের ডেলিভারির দুটি টমটম গাড়ি থামানো হয়। আকিজ বেভারেজ, রিদিশা ফুডস ও আড়ং ডেইরিসহ বিভিন্ন কোম্পানির পণ্যের পরিবেশক এই প্রতিষ্ঠানের গাড়িগুলো থামিয়ে মুখে মাস্ক পরিহিত অজ্ঞাতনামা ৩ জন বিবাদী ধারালো চাকু ও ডেগারসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে। তারা ভয়ভীতি দেখিয়ে কর্মচারীদের নিকট থাকা ব্যবসার ডেলিভারি মালেকশনের নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. শিব্বির আহমদ বাদী হয়ে এজাহার দায়ের করলে জকিগঞ্জ থানায় মামলা নং-১৪, তারিখ: ২৩/০৭/২০২৬ খ্রি., ধারা-৩৯২ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর মামলার তদন্ত কর্মকর্তা ও জকিগঞ্জ থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। গত ২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ৩:২০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের অন্তর্গত কালীগঞ্জ বাজারস্থ রাজমহল ও চৌধুরী প্লাজা এবং গরুর বাজার এলাকা থেকে ছিনতাইকৃত একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল (মডেল: SAMSUNG GALAXY A50) ও নগদ ৩,০০০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. পাপলু আহমদ (২৭), পিতা-সিরাজ উদ্দিন, সাং-মানিকপুর, ৯নং মানিকপুর ইউনিয়ন। ২. জয়দেব বিশ্বাস @ টেঙ্গা (২৮), পিতা-শরবেশর @ আব্দুর রহমান, সাং-খাসেরা, ৯নং মানিকপুর ইউনিয়ন। ৩. বেলাল আহমদ (৪০), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা-বিলকিছুন নেছা, সাং-মামরখানী। সর্ব উপজেলা ও থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট।
উক্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন