বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোনো ইসলাম নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
জামায়াতকে সেক্যুলার দল আখ্যায়িত করে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “জামায়াত সেক্যুলার, কথাও বলে সেক্যুলারিজমের। জামায়াতের মধ্যে দ্বিমুখী নীতি আছে। তারা মানুষের কাছে বলে ইসলাম করবে, কিন্তু ইশতেহারে বলে শরিয়া আইন করবে না, ইসলামি হুকুমত করবে না। জামায়াতের ইসলাম নিয়ে কোনো আইডিয়া নেই।”
জামায়াত তাদের আদর্শের ওপরে পৃথিবীতে কোনো মহল্লাও গড়তে পারেনি মন্তব্য করে তিনি আরও বলেন, সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের কয়েকটি বই-ই তাদের সর্বোচ্চ তহবিল, যেখানে কোরআন, হাদিস ও ফিকহ নেই। জামায়াতের যোগ্যতা আওয়ামী লীগ ও বিএনপির মতোই এবং তাদের ইসলাম নিয়ে কোনো প্রোগ্রাম বা কর্মসূচি নেই বলে তিনি উল্লেখ করেন। যারা জামায়াতে গেছে, তারা ভুল বোঝাবুঝি বা ধোঁকায় পড়ে গেছে এবং জামায়াত একটি ব্যর্থ শক্তি বলে দাবি করেন জমিয়ত সভাপতি।
অধিকাংশ ইসলামপন্থি দল ১১ দলীয় জোটে যোগ দিলেও তাঁদের দল কেন সেখানে যায়নি—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ওই জোটে বা ১১ দলীয় জোটে কোনো ইসলাম নেই। তাঁর মতে, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং এনসিপির মতো দলগুলো সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ এবং এদের কারোই ইসলামভিত্তিক কোনো কর্মসূচি নেই।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন